বাংলাদেশ-যুক্তরাষ্ট্র জ্বালানি সহযোগিতায় এমওইউ সই

জ্বালানি নিরাপত্তা জোরদার ও এলএনজি-এলপিজি আমদানিতে নতুন সম্ভাবনা

স্টাফ রিপোর্টার | ১৫ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট চুক্তিতে সই করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে এই সমঝোতা স্মারক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

সমঝোতার আওতায় তেল, গ্যাস, ভূতাপীয় ও জৈবশক্তি খাতে দুই দেশের মধ্যে সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং যৌথ গবেষণার সুযোগ তৈরি হবে। পাশাপাশি সাশ্রয়ী মূল্যে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানির পথ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া চুক্তিটি সাশ্রয়ী মূল্য ও টেকসই সরবরাহব্যবস্থার ভিত্তিতে বাংলাদেশের জ্বালানি উৎস বহুমুখীকরণে ভূমিকা রাখবে এবং দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার ক্ষেত্র উন্মোচন করবে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই সমঝোতা স্মারককে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের আরেকটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি এ উদ্যোগে সমর্থনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান।

যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এই সমঝোতাকে বাংলাদেশ-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাসহ যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।