ঈদযাত্রায় ট্রেনে নিরাপত্তা জোরদার, ছাদে ভ্রমণ ঠেকাতে কঠোর ব্যবস্থা

কমলাপুর স্টেশন পরিদর্শনে রেল সচিব; টিকিটবিহীন যাত্রী ও ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা

স্টাফ রিপোর্টার | ২৩ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেন চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুর পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। পরিদর্শন শেষে তিনি ঈদযাত্রাকে কেন্দ্র করে নেওয়া নিরাপত্তা ও ব্যবস্থাপনাগত প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, আসন্ন ঈদুল আজহার ছুটিতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ট্রেন ভ্রমণ নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ও ব্যবস্থাপনাগত পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে ট্রেনের ছাদে এবং টিকিট ছাড়া যাত্রী ভ্রমণ রোধে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

ঈদযাত্রা ব্যবস্থাপনা নিয়ে তিনি জানান, ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রেলওয়ে পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। অতীত অভিজ্ঞতায় উত্তরাঞ্চলগামী ট্রেনগুলোতে ছাদে ভ্রমণের প্রবণতা বেশি দেখা যাওয়ায় এবার সেখানে বিশেষ নজরদারি থাকবে।

তিনি বলেন, “ছাদে ভ্রমণ রেল পরিচালনা এবং যাত্রী—উভয়ের জীবনের জন্যই মারাত্মক ঝুঁকিপূর্ণ।”

পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনসহ দেশের গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালত ও নজরদারি দল (ভিজিল্যান্স টিম) মোতায়েন করা হয়েছে বলে জানান সচিব।

স্টেশন এলাকায় অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, টিকিটবিহীন যাত্রীরা যাতে স্টেশনে প্রবেশ করতে না পারেন, সেজন্য তিন স্তরের শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে। কারণ টিকিট ছাড়া যাত্রী প্রবেশ করলে বৈধ টিকিটধারীরা চরম ভোগান্তিতে পড়েন।

ঈদের অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে সরকার ২৫ শতাংশ আসনবিহীন (স্ট্যান্ডিং) টিকিট বিক্রির অনুমতি দিয়েছে বলেও জানান তিনি। তার ভাষ্য, ঈদের সময় রেলপথে যাত্রীর চাপ সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি থাকে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর সঙ্গে সমন্বয় করে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে স্টেশনের আশপাশে ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ ছাড়া নিয়মিত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি ১০০ জন এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান সচিব। যেকোনো ধরনের অনিয়ম দেখলে রেলওয়ের হটলাইন নম্বর ১৩১-এ জানানোর জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।