নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২৮ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

নরসিংদী রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় এক মা ও তাঁর দুই বছরের শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্টেশনের ২ নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাথী বেগম (২৭) ও তাঁর ছেলে হাছেন মিয়া (২)। তাঁরা নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা।

জানা গেছে, ঈদের কেনাকাটা শেষে পরিবার নিয়ে বাড়ি ফিরছিলেন সাথী বেগম। এ সময় রেললাইন পার হওয়ার জন্য মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির ভেতর দিয়ে পার হচ্ছিলেন তারা। ঠিক তখনই দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেস ট্রেন এসে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন মা ও ছেলে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

এ সময় নিহত সাথী বেগমের স্বামী সুজন মিয়া ও তাঁদের পাঁচ বছরের মেয়েও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। দুর্ঘটনার পর পরিবারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় পুলিশ জানায়, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। রেললাইন পারাপারে সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।