স্টাফ রিপোর্টার, ২৯ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির কর্মসূচি চন্দ্রিমা উদ্যান থেকে শুরু হবে। এরপর পর্যায়ক্রমে টিএনটি মাঠ, শ্যামলী স্কয়ার, সরকারি বাংলা কলেজ, আয়ুর্বেদী কলেজের উল্টো পাশ, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর ও কুড়িল বিশ্বরোড বাসস্টপে কর্মসূচি অনুষ্ঠিত হবে। ফুজি ট্রেড সেন্টারে বিকেল ৩টায় শেষ কর্মসূচির মাধ্যমে ঢাকা মহানগর উত্তর বিএনপির অনুষ্ঠানমালা সমাপ্ত হবে।
অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত হবে জোড়পুকুর খেলার মাঠ (ঢাকা-০১), মির্জা আব্বাসের বাসভবন (ঢাকা-০৮), যুবদল কার্যালয় বাংলাবাজার (ঢাকা-০৭), খোলাইখাল লিংক রোড (ঢাকা-০৬), শহীদ ফারুক সড়ক থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা (ঢাকা-০৫), জুরাইন রেলগেট (ঢাকা-০৪) এবং ধানমন্ডির সাত মসজিদ রোডের ৫/এ বাসস্ট্যান্ডে (ঢাকা-১০)।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ, শ্রমিকদল ঢাকা মহানগর দক্ষিণ, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ, জাসাস কেন্দ্রীয় কমিটি এবং জিয়া মঞ্চ অংশগ্রহণ করবে।
দলীয় সূত্রে জানা গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো, তাঁর রাজনৈতিক অবদান তুলে ধরা এবং দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে বিভিন্ন আলোচনা সভা, দোয়া মাহফিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।





