বাংলাদেশে দুষ্কৃতিকারীদের রাজনীতির অধিকার নেই: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে রাঙ্গুনিয়ায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তব্য

স্টাফ রিপোর্টার, ৩০ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বাংলাদেশে কোনো দুষ্কৃতি সংগঠন বা দুষ্কৃতি নেতৃবৃন্দের রাজনীতি করার অধিকার নেই। দেশে কোনো নিষিদ্ধ দল বা তার অঙ্গসংগঠন যতদিন নিষিদ্ধ থাকবে, ততদিন তাদের প্রকাশ্যে কিংবা আড়ালে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোনো সুযোগ থাকবে না।

শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়ানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রথম সমাধিস্থলে চট্টগ্রাম মহানগর ছাত্রদল আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রচিন্তা ও উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করেন। তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আধুনিক বাংলাদেশের ভিত্তি রচনা করেছিলেন, তার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের প্রধান লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। জনগণের ক্ষমতায়ন, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে ব্যারিস্টার মীর হেলাল বলেন, তিনি দেশে উন্নয়নমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন এবং মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেছেন। অতীতে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, শহিদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, মোহাম্মদ আনাছ, নুর জাফর নাঈম রাহুল, ফখরুল ইসলাম শাহীন, আব্বাস উদ্দিনসহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।