স্টাফ রিপোর্টার | ১৫ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। দুপুর পৌনে ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সভাটি অনুষ্ঠিত হয়।
সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা চাই না হাটে, ঘাটে, মাঠে সব সময় রাজনীতি নিয়ে কথা বলব।”
প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী সমাজে মানবিক অনুভূতি ও মূল্যবোধ জাগিয়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, একটি কুকুরকে বা একজন মানুষকে নির্যাতন করা হলে অনেক সময় মানুষ এগিয়ে না এসে ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়ে। এই প্রবণতা থেকে বেরিয়ে এসে সামাজিক ও মানবিক বোধকে জাগ্রত করার প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী গণমাধ্যম প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং ভবিষ্যতেও মিডিয়ার সঙ্গে নিয়মিত মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেছেন।
মতবিনিময় সভায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের নির্বাহী ও বার্তা প্রধানরা বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন বাংলা ভিশনের আবদুল হাই সিদ্দিকী, সময় টিভির জুবায়ের বাবু, ডিবিসির লোটন ইকরাম, মোহনা টেলিভিশনের রাশেদুল হক, একাত্তর টেলিভিশনের শফিক আহমেদ, জিটিভির গাউসুল আজম বিপু, দেশ টিভির মহিউদ্দীন, নিউজ টোয়েন্টিফোরের শরিফুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের জহিরুল আলম, যমুনা টিভির ফাহিম আহমেদ, নাগরিক টিভির ইরফানুল হক নাহিদ, আরটিভির ইলিয়াস হোসেন এবং বাংলা টিভির এম এম বাদশা।
সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বক্তব্য রাখেন। এছাড়া তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ও মাহদী আমিন, স্পিচ রাইটার এস. এ. এম. মাহফুজুর রহমান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রী মিডিয়ার শীর্ষ কর্মকর্তাদের মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেন।





