টেক্সটাইল খাতকে এগিয়ে নিতে গবেষণা, এআই ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

বুটেক্সে গবেষণা বাজেট বাড়ানোর আশ্বাস, দ্বিতীয় ক্যাম্পাস ও টেক্সটাইল বিসিএস ক্যাডারের দাবিও বিবেচনায়

স্টাফ রিপোর্টার | ১ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি টেক্সটাইল খাতকে আরও এগিয়ে নিতে গবেষণা, উদ্ভাবন, আধুনিক প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন এবং কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এর নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় শীর্ষ অবস্থানে নিতে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী ও গবেষক তৈরির কোনো বিকল্প নেই।

মন্ত্রী বলেন, বুটেক্সে ভর্তি হওয়া কোনোভাবেই অন্য প্রতিষ্ঠানে ভর্তি হতে না পারার বিকল্প নয়। বরং এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। তিনি জানান, চলতি বছর বুটেক্সের প্রায় ২০ জন শিক্ষার্থী বিভিন্ন বিসিএস ক্যাডারে, বিশেষ করে প্রশাসন, পররাষ্ট্র ও পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

ড. মিলন বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। এখন আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশীয় বাজারেও বিশ্বমানের ব্র্যান্ড গড়ে তুলতে উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে হবে।

তিনি জানান, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আধুনিক গবেষণাগার, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত ল্যাব স্থাপন সময়ের দাবি। গবেষণার মানোন্নয়নে বুটেক্সে অধিকতর বাজেট বরাদ্দ দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কারিগরি ও প্রকৌশল শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, বুটেক্সের অবকাঠামো সম্প্রসারণে প্রয়োজন হলে নতুন ভবন নির্মাণ করা হবে এবং বৈশ্বিক চাহিদা পূরণে ভবিষ্যতে শিক্ষার্থী ভর্তির আসনসংখ্যাও বৃদ্ধি করা হবে।

ড. মিলন জানান, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার মিড-ডে মিল, ইউনিফর্ম ও খেলাধুলাভিত্তিক শিক্ষা চালু করছে। পাশাপাশি ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়ানো হচ্ছে। ২০২৭ সালে পরিমার্জিত এবং ২০২৮ সালে নতুন জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় সেশনজট কমিয়ে নির্ধারিত সময়ে এসএসসি, এইচএসসি ও স্নাতক সম্পন্ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। এছাড়া ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে দুটি বিশেষায়িত সরকারি কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

টেক্সটাইল প্রকৌশলীদের জন্য পৃথক বিসিএস ক্যাডার গঠনের দাবিকে যৌক্তিক উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে এবং সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে।

অনুষ্ঠানে বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনসহ শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।