স্টাফ রিপোর্টার | ০৫ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল এমনভাবে প্রণয়নের আহ্বান জানিয়েছেন, যাতে সরকারপ্রধান জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন। তিনি বলেন, একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপরই তাঁর আস্থা ও নির্ভরতা।
রোববার দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার ওপর আমার আস্থা ও নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং, নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়। নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, যাতে জনগণ নিজেদেরকে সরকারপ্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। এ বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাই।”
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী থেকে বিশেষভাবে নির্বাচিত ও প্রশিক্ষিত সদস্যরাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হন। পিজিআর সেনাবাহিনীর অধীন একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে পেশাদারিত্ব, আনুগত্য ও শৃঙ্খলার সমন্বয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে—এটাই প্রত্যাশিত।
প্রধানমন্ত্রী আরও বলেন, পিজিআরের সদস্যদের কার্যক্রমের মাধ্যমেই বাহিনীর দক্ষতা, একনিষ্ঠতা ও পেশাদারিত্বের প্রতিফলন ঘটবে। তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ নিষ্ঠা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।





