স্টাফ রিপোর্টার | ৭ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার গতি বাড়াতে বীমা খাতকে একটি শক্তিশালী ও সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে এনে জনগণের আস্থা ফিরিয়ে আনা জরুরি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে দেশের অন্যতম বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কোনো আধুনিক অর্থনৈতিক লেনদেন শুধু বিশ্বাস বা অবিশ্বাসের ওপর নির্ভর করে চলতে পারে না। নাগরিকদের আশ্বস্ত করতে এবং বীমা খাতের প্রতি মানুষের আস্থা বাড়াতে সময়োপযোগী আইনি কাঠামো গড়ে তোলা প্রয়োজন।
তিনি বলেন, বীমা শুধু একটি সেবামূলক কার্যক্রম নয়, এটি দেশের অর্থনীতিকে গতিশীল করার অন্যতম চালিকাশক্তি। একজন নাগরিক বা উদ্যোক্তা যখন জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, তখন তিনি আত্মবিশ্বাসের সঙ্গে নতুন উদ্যোগ গ্রহণে উৎসাহিত হন, যা সামগ্রিক অর্থনীতিকে আরও শক্তিশালী করে।
বিগত সরকারের অর্থনৈতিক অনিয়মের প্রসঙ্গ তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছে। বিদেশে অর্থ পাচার, কর ব্যবস্থার বাইরে থাকা অর্থ এবং রাজস্ব আহরণে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে কাজ করছে সরকার।
তিনি আরও বলেন, ক্ষমতায় আসার আগেই রাষ্ট্রের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছিল। এখন এসব সমস্যার সংস্কার ও মেরামত ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়।
বীমা খাতের বিদ্যমান সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে অর্থমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। একই সঙ্গে বীমা খাতকে আরও বিস্তৃত ও কার্যকর করতে এবং শক্তিশালী নীতিকাঠামো গড়ে তুলতে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন। এতে বীমা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।





