✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুরু হচ্ছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান

স্টাফ রিপোর্টার | ৮ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: আগামীকাল (৯ জুলাই) বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

বুধবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

মন্ত্রী বলেন, এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’।

তিনি জানান, ঢাকায় পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলার পাশাপাশি দেশের সাতটি বিভাগীয় সদরে ১৫ দিনব্যাপী, ৫৬টি জেলা সদরে সাত দিনব্যাপী এবং ২৯টি উপজেলায় তিন দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হবে। জাতীয় বৃক্ষমেলায় মোট ১২০টি স্টল থাকবে।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ‘স্মার্ট ফরেস্ট্রি’ উদ্যোগ গ্রহণ করেছে। আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ ও সেগুলোর সঠিক রক্ষণাবেক্ষণের মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, এ কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে জাতীয় পর্যায়ে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে।

মন্ত্রী বলেন, স্যাটেলাইটভিত্তিক পর্যবেক্ষণ, জিআইএস (GIS) ও রিমোট সেনসিং প্রযুক্তির মাধ্যমে রোপণ করা গাছের অবস্থান ও প্রবৃদ্ধি ডিজিটালভাবে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া একটি কেন্দ্রীয় ট্রি মনিটরিং সিস্টেম (Tree Monitoring System) চালু করা হবে, যার মাধ্যমে প্রতিটি গাছের টিকে থাকার হার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

তিনি আরও জানান, দুর্গম চরাঞ্চল, উপকূলীয় এলাকা ও বনাঞ্চলে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে বনসৃজন কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।

পরিবেশমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে এই বনায়ন কর্মসূচির মাধ্যমে দেশের অর্থনীতিতে প্রায় ৩ লাখ ৫০ হাজার নতুন সবুজ কর্মসংস্থান (Green Jobs) সৃষ্টি হবে। এতে গ্রামীণ নারী ও যুবসমাজ নার্সারি ব্যবসা ও বৃক্ষরক্ষণাবেক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পাবে।

সংবাদ সম্মেলনে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।