স্টাফ রিপোর্টার | ১৪ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন উদ্যোক্তা এবং যারা উদ্যোক্তা হতে চান, তাদের সহযোগিতায় সরকার সবসময় পাশে রয়েছে। তিনি বলেন, উদ্যোক্তা হওয়ার পথ কঠিন হলেও ইচ্ছাশক্তি থাকলে সফলতা অর্জন সম্ভব। সরকার তরুণদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করবে।
মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান প্রজন্মের উদ্ভাবনী শক্তির ওপর আস্থা প্রকাশ করে তিনি বলেন, ভবিষ্যতে দেশকে আরও এগিয়ে নেওয়ার দায়িত্ব তরুণদের হাতেই থাকবে।
নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, ব্যবসা থেকে রাজনীতিতে আসার পর তাকে নানা প্রতিকূলতা ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। ধৈর্য, আত্মবিশ্বাস এবং লক্ষ্য অর্জনের দৃঢ়তা থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠানের সংযোগ এবং প্রয়োজনীয় বিভিন্ন সেবা এক জায়গা থেকেই পাবেন।
এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন। পাশাপাশি নির্বাচিত ছয়টি স্টার্টআপের প্রতিনিধির হাতে অনুদানের চেক তুলে দেন। জামদানি নিয়ে কাজ করা রাফিহা ফ্যাশন হাউজের প্রতিষ্ঠাতা লুৎফুন্নেসা মেঘনার আবেদনেও তাৎক্ষণিকভাবে অনুদান প্রদান করেন।
পরে প্রধানমন্ত্রী স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সফল উদ্যোক্তা এবং দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের ২৩০ জনের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন প্রজন্মের উদ্যোক্তা উন্নয়নকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে, যা উদ্ভাবনী উদ্যোগের অর্থায়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





