শিশুদের স্কুল পরিষ্কার রাখা ও একে অপরকে সাহায্য করার আহ্বান প্রধানমন্ত্রীর

সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন; দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২ লাখ চারা রোপণ

স্টাফ রিপোর্টার | ১৫ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের নিজেদের স্কুল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ছোট ছোট কাজের মাধ্যমে একে অপরকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যেখানে ময়লা দেখবে, তা তুলে নির্ধারিত ডাস্টবিনে ফেলবে এবং বিদ্যালয় সবসময় পরিচ্ছন্ন রাখবে।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর স্থাপিত স্টল পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

এর আগে একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে ‘গ্রিন স্কুল’ বা ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ উদ্যোগের অংশ হিসেবে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় ২ লাখ চারা রোপণ করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান, দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং প্রাথমিক শিক্ষার উদ্ভাবনী উদ্যোগের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে ৬০টি জেলার শিক্ষার্থী ও শিক্ষকরা উদ্ভাবনী শিক্ষামূলক কার্যক্রম, স্থানীয় ঐতিহ্য, হস্তশিল্প, পরিবেশবান্ধব উদ্যোগ এবং সৃজনশীল শিক্ষা প্রকল্প তুলে ধরেন।

স্টল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের উদ্ভাবনী কাজের প্রশংসা করেন এবং এসব উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

একটি স্টলে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে জানায়, তারা সুবিধাবঞ্চিত সহপাঠীদের সহায়তায় নিয়মিত টিফিনের টাকার একটি অংশ জমা রাখে এবং একসঙ্গে খাবার ভাগ করে খায়। এ উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “তোমরা খুব ভালো কাজ করছো।”

তিনি শিক্ষার্থীদের খেলাধুলা, দৈনন্দিন পাঠক্রম ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কেও খোঁজ নেন এবং আনন্দময় ও ডিজিটাল শিক্ষা কার্যক্রম সম্পর্কে শিক্ষকদের কাছ থেকে তথ্য নেন।

প্রধানমন্ত্রী প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করার আহ্বান জানান। একটি স্টলে শিশুদের অনুরোধে তিনি একটি ফুলের টবে নিজ হাতে চারাগাছ রোপণ করেন, যা পরে সংশ্লিষ্ট বিদ্যালয়ে স্থায়ী স্মারক হিসেবে রোপণ করা হবে।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে করমর্দন করেন এবং তাদের সঙ্গে হাসিমুখে ছবি তোলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।