স্টাফ রিপোর্টার | ৮ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঝিনাইদহ: বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে কৃষকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বাজার সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের লাভবান করতে সরকার কাজ করছে।
আজ ঝিনাইদহের শৈলকূপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।
মো. আসাদুজ্জামান বলেন, ‘বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সুতরাং যারা মজুতদারি করবেন, তারা ভেবেচিন্তে করবেন।’
তিনি বলেন, কৃষকরা ঘাম ঝরিয়ে ফসল ফলিয়েও ন্যায্য দাম পান না। বাজারে ফসল নিয়ে আসার পর তারা সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েন। এক মণ পাট বা পেঁয়াজে অতিরিক্ত দুই কেজি করে তোলা দিতে হতো। এরপর বাজারের পরিচ্ছন্নতা কর্মী ও হিজড়াদেরও কৃষকদের কাছ থেকে তোলা দিতে হয়। ফলে এক মণে কৃষককে ৪৫ কেজি পর্যন্ত দিতে হচ্ছে। এটি সম্পূর্ণ অন্যায্য।
আইনমন্ত্রী বলেন, ‘বাজারের এই সিন্ডিকেট আমরা ভেঙে দেব। এরই মধ্যে সব হাট ও বাজারে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, যেসব ব্যবসায়ী তোলা না পেলে কৃষকদের কাছ থেকে মালামাল কিনবেন না বলে হুমকি দিচ্ছেন, তাদের বাজার ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বলেন, বিকল্প ব্যবসায়ী এমনিতেই তৈরি হয়ে যাবে।
বাজার পরিদর্শনকালে উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





