স্টাফ রিপোর্টার | ১৬ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ডারউইন: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে টাইগাররা।
ডারউইনের মারারা স্টেডিয়ামে ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই স্মরণীয় জয় তুলে নিল বাংলাদেশ। টেস্ট ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে ২০১৭ সালে মিরপুরে প্রথমবার অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছিল টাইগাররা।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৮ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রান করে। ফলে ২২৮ রানের বড় লিড পায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৬১ রান করেছিল অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন ৪৩ ও অ্যালেক্স ক্যারি ১৯ রানে অপরাজিত ছিলেন। ৬ উইকেট হাতে রেখে তখনও ৬৭ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা।
চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামান বাংলাদেশের বোলাররা। অ্যালেক্স ক্যারিকে ৩০, বো ওয়েবস্টারকে ৫ এবং অধিনায়ক প্যাট কামিন্সকে ৮ রানে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ।
মিচেল স্টার্ককে ১৮ রানে তাসকিন আহমেদ আউট করার পর সেঞ্চুরিয়ান ক্যামেরন গ্রিনকে ১০৪ রানে থামান হাসান মাহমুদ। শেষ ব্যাটার নাথান লায়নকে ১৫ রানে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন মিরাজ। ফলে ২৮৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
বাংলাদেশের হয়ে বল হাতে মেহেদী হাসান মিরাজ ৬৬ রানে ৫টি, হাসান মাহমুদ ৩টি এবং তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ একটি করে উইকেট নেন।
জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান। রান তাড়ায় দ্বিতীয় ওভারেই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ওপেনার তানজিদ হাসানকে শূন্য রানে ফেরান অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড।
এরপর সাদমান ইসলাম ও মোমিনুল হক মিলে দ্বিতীয় উইকেটে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১৪.২ ওভারেই বাংলাদেশকে ঐতিহাসিক জয়ের বন্দরে পৌঁছে দেন।
সাদমান ইসলাম ৪টি চারে ২৫ রান এবং মোমিনুল হক ২টি বাউন্ডারিতে ৩০ রান করে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র উইকেটটি নেন হ্যাজেলউড।
এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের পাশাপাশি দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২২ আগস্ট ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে।





