স্টাফ রিপোর্টার | ১৬ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। আজ রোববার বেলা ১১টার দিকে তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হতে পারে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে।
ইসি জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে।
তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি মনোনয়নপত্র পেয়েছি। আর কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র পেয়েছি।’
মনোনয়নপত্রগুলো যথাযথভাবে দাখিল করা হয়েছে কি না, যাচাই-বাছাইয়ে তা পরীক্ষা করা হবে। এ কার্যক্রমে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে জাতীয় সংসদ সচিবালয় থেকে একজন কর্মকর্তা উপস্থিত থাকবেন এবং প্রস্তাবক ও সমর্থকদের স্বাক্ষর যাচাই করবেন।
ইসি সচিব জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টা। এরপর আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।





