স্টাফ রিপোর্টার, ২১ আগস্ট ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
সন্ত্রাসবাদের শিকার ও বেঁচে যাওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের শিকার ব্যক্তিদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি দিবস উপলক্ষে বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, আজ সন্ত্রাসবাদের শিকার ও বেঁচে যাওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। তাদের সাহসিকতাকে সম্মান জানানো, তাদের কণ্ঠস্বরকে জোরালো করা এবং তাদের মর্যাদা ও অধিকারের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার আহ্বান জানান তিনি।
এ বছরের প্রতিপাদ্য ‘স্মৃতির মাধ্যমে নিরাময়’ (Healing through Memory)। এই প্রতিপাদ্য স্মরণ করিয়ে দেয় যে, স্মরণ করা পুনরুদ্ধার ও নবায়নের একটি পথ। তবে কীভাবে স্মরণ করা হচ্ছে, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব।
তিনি বলেন, ডিজিটাল মাধ্যমসহ কোনো ক্ষেত্রেই ভুক্তভোগীদের গল্পের অপব্যবহার করা উচিত নয়। এসব গল্পকে আরও বেশি ঘৃণা ছড়ানোর কাজে ব্যবহার করা থেকেও বিরত থাকতে হবে।
জাতিসংঘ মহাসচিব বলেন, দায়িত্বশীলতার সঙ্গে স্মরণ করা হলে ভুক্তভোগীদের অতিরিক্ত ট্রমা থেকে রক্ষা করা সম্ভব। একই সঙ্গে সন্ত্রাসবাদ যে ক্ষতিকর বয়ান ছড়িয়ে দিতে চায়, তা প্রতিহত করা যায়।
সন্ত্রাসকে বিভাজনের কারণ হতে না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজ এবং প্রতিদিন ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে হবে। পাশাপাশি সহিংসতা ও ভয়মুক্ত একটি ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
সূত্র: জাতিসংঘ তথ্য কেন্দ্র, ঢাকা।





