সংক্রমণ প্রতিরোধে দ্রুত কার্যকর কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

অ্যান্টিবায়োটিক নির্ভরতা কমিয়ে সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান

স্টাফ রিপোর্টার | ২৪ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত একটি কার্যকর কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনারে তিনি এ নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণের চিকিৎসার জন্য শুধু অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর করলে হবে না। সংক্রমণ প্রতিরোধের ওপর বেশি গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, বড় ধরনের রোগ ও সংক্রমণ প্রতিরোধ করতে হলে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। পাশাপাশি সংক্রমণ প্রতিরোধে সবার মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার বলেন, সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বর্জ্য ব্যবস্থাপনার আওতায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও আনতে হবে।

ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের সভাপতিত্বে সেমিনারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান সার্জনসের সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীরসহ অনেকে বক্তব্য দেন।

বিএমইউর মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহেদা আনোয়ার বৈজ্ঞানিক উপস্থাপনা তুলে ধরেন।

সেমিনারে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে উপস্থাপনা করেন সিংহেলথের সংক্রমণ প্রতিরোধ বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক লিং ময় লিন এবং আন্তর্জাতিক সহযোগিতা কার্যালয়ের পরিচালক বিজয়া রাও। এছাড়া বিআইপিসিএফের সভাপতি অধ্যাপক ডা. জাহিদুল হাসান স্বাগত বক্তব্য দেন।