স্টাফ রিপোর্টার | ১৭ অক্টোবর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: রাজধানীর মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুর-১০ এলাকা সরেজমিনে পরিদর্শনে যান বলে জানান তাঁর সরকারি প্রেস সচিব একেএম নাজমুল হক।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পথচারীদের কাছে জানতে চান, আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর তাদের চলাচলে কতটা সুবিধা হয়েছে। বর্তমানে হাঁটাচলার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কি না, সে বিষয়েও তিনি খোঁজখবর নেন। পাশাপাশি নগরীর ফুটপাত ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষ কোনো ভোগান্তিতে পড়ছেন কি না, তা জানতে চান।
এ সময় প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাতগুলো ব্যবহারের উপযোগী রাখা, সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নগরীর ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা জরুরি।
রাজধানীর সড়ক ও ফুটপাত ব্যবস্থাপনায় জনসাধারণের ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।





