স্টাফ রিপোর্টার, ২৬ অক্টোবর ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব। তাদের মধ্যেই নতুন বাংলাদেশ ও নতুন স্বপ্নের প্রতিচ্ছবি দেখা যায়।
সোমবার (২৬ অক্টোবর) সকালে বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা-২০২৬’-এর আওতায় প্রথমবারের মতো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শন করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে সপ্তম থেকে নবম শ্রেণির নির্বাচিত মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকরা এ পরিদর্শনে অংশ নেন।
এ সময় শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি তাঁদের উদ্দেশে বক্তব্য দেন এবং ফটোসেশনে অংশ নেন। নতুন প্রজন্মকে বঙ্গভবন ও রাষ্ট্রের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার এ উদ্যোগে শিক্ষার্থীরা প্রথমবারের মতো রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি কুশল বিনিময় ও অনানুষ্ঠানিক আলাপচারিতার সুযোগ পান।
শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে রাষ্ট্রপতি গুরুজন ও শিক্ষকদের যথাযথ সম্মান করার পাশাপাশি সন্তানদের জন্য বাবা-মায়ের আত্মত্যাগ স্মরণ রেখে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাবা-মা, শিক্ষক ও মুরুব্বিদের সব সময় সম্মান করতে হবে। নিজেদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে একদিকে যেমন বাবা-মায়ের স্বপ্ন পূরণ হবে, অন্যদিকে তেমনি জাতির প্রত্যাশাও পূরণ হবে।
রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন শুধু একটি ভবন নয়, এটি রাষ্ট্রের প্রতীক ও ইতিহাসের সাক্ষী। ভবিষ্যতে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনে নিয়ে আসা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, বঙ্গভবন, রাষ্ট্র এবং ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতেই এ পরিদর্শনের আয়োজন করা হয়েছে।
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসার পরামর্শ দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: রাষ্ট্রপতির প্রেস সচিবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি।





