স্টাফ রিপোর্টার, ২৪ অক্টোবর ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
রাজধানীর রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে দোকান বসালেই সরাসরি মামলা করা হবে এবং দোকানের মালামাল ক্রোক করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শনিবার (২৪ অক্টোবর) সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে রাজধানীর মালিবাগে ডিএসসিসি আয়োজিত বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি পালিত হয়।
ডিএসসিসি প্রশাসক বলেন, রাজধানীতে যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির পেছনে অবৈধ হকার ও ভাসমান দোকানগুলোর বড় ভূমিকা রয়েছে। ঢাকাবাসী তথা সিটি করপোরেশন এই দুর্ভোগ থেকে মুক্তি চায়।
তিনি বলেন, মানবিকতার দোহাই দিয়ে রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসানোর কোনো সুযোগ নেই। ডিএসসিসির নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসানো হলে মালামাল জব্দের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট কমানো এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।





