স্টাফ রিপোর্টার | ১ নভেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
জাতীয় সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত আইন পাস হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি ও বিদ্যুৎ সংকটের তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। তবে জনগণের স্বার্থ বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সহনীয় পর্যায়ে রাখতে সরকার নিরলসভাবে কাজ করছে।
শনিবার রাজধানীতে নিউএইজ পত্রিকা আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী।
ইকবাল হাসান মাহমুদ বলেন, বিশ্বজুড়ে চলমান দ্বন্দ্ব-সংঘাতের কারণে সৃষ্ট সংকট মোকাবিলা করে দেশের জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ পরিস্থিতিতে জনগণের ওপর জ্বালানি সংকটের চাপ কমাতে প্রয়োজনীয় ক্ষেত্রে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে।
নাগরিকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করাকে নির্বাচিত সরকারের অন্যতম প্রধান দায়িত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, জনগণ স্বাভাবিক জ্বালানি সরবরাহ প্রত্যাশা করে। সরকারও যেকোনো পরিস্থিতিতে স্থিতিশীল জ্বালানি সরবরাহ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও জানান, জ্বালানির ঘাটতি মোকাবিলা এবং ক্রমবর্ধমান চাহিদা পূরণে নতুন স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত আইন পাস হলে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।





