স্টাফ রিপোর্টার, ২ নভেম্বর ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (২ নভেম্বর) থেকে। নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ১৩টি সিটি করপোরেশনে পর্যায়ক্রমে ই-রিকশার নিবন্ধন দেওয়া হবে। তবে বর্তমানে চলাচলরত রিকশার মালিকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপাতত বৈধ ও অবৈধভাবে চলাচলরত রিকশাগুলো চলতে পারবে।
নিবন্ধন ফি সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা। অন্যদিকে, চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে জোনভিত্তিক চলাচল, নির্দিষ্ট রুট এবং আলাদা রং নির্ধারণ করা হবে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে যেকোনো এক বা একাধিক সিটি করপোরেশন মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করা যাবে।
প্রতিটি ই-রিকশায় স্পিডোমিটার স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। অনুমোদিত সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার। তবে স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় সর্বোচ্চ গতিসীমা থাকবে ঘণ্টায় ১৫ কিলোমিটার।
প্রতিমন্ত্রী বলেন, নিবন্ধনের তারিখ থেকে প্রতিটি ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে ১২ বছর।
এ ছাড়া ই-রিকশার ব্যাটারি নির্ধারিত চার্জিং স্টেশন থেকেই চার্জ দিতে হবে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের নতুন এই উদ্যোগের মাধ্যমে সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশার চলাচলে শৃঙ্খলা, নিরাপত্তা এবং যানজট নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





