স্টাফ রিপোর্টার | ৫ নভেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাগেরহাট: প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন।
আজ মোংলা বন্দরে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারে যান। সেখানে মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
এ সময় প্রধানমন্ত্রী মাজারে ফাতেহা পাঠ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত।
এর আগে সকালে প্রধানমন্ত্রী মোংলায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বিকেলে প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।





