ডাকসু নির্বাচন: তৃতীয় দিনে আরও ২২ জনের মনোনয়ন ফরম সংগ্রহ, মোট প্রার্থী ৪২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের তৃতীয় দিনে আরও ২২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে…

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের তৃতীয় দিনে আরও ২২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে তিন দিনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। এর মধ্যে ভিপি পদে ১০ জন, জিএস পদে ১ জন, এজিএস পদে ২ জন, সম্পাদক পদে ১৮ জন এবং সদস্য পদে ১১ জন রয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান।

এদিকে, নারী শিক্ষার্থীদের জন্য ভোটকেন্দ্র পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। তাদের অভিযোগ, বর্তমান ভোটকেন্দ্রগুলো হল থেকে দূরে হওয়ায় নারী ভোটারদের অংশগ্রহণ কমে যেতে পারে। সংগঠনটি সুফিয়া কামাল হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, কুয়েত মৈত্রী হল, রোকেয়া হল ও শামসুন্নাহার হলের ভোটকেন্দ্রগুলো নিকটবর্তী স্থানে সরানোর প্রস্তাব দিয়েছে।

ডাকসু ও হল সংসদ নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে, ২৮ বছর পর।