স্টাফ রিপোর্টার | ১৪ নভেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: সুস্থ ও সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা এবং গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস’ (আইডিইএসএইচআই)-এর এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে বছরের পর বছর অবহেলার কারণে রোগ প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ যথাযথভাবে গুরুত্ব পায়নি। ফলে দেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব।
সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব স্বাস্থ্যকর্মীর ৮০ শতাংশই নারী। তারা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি বলেন, বিপুল জনসংখ্যার এই দেশকে সুস্থ ও সবল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ সময় আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরীসহ প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের নিষ্ঠা ও অবদানের জন্য অভিনন্দন জানান তিনি।
তরুণদের বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিতে সম্পৃক্ত করতে বর্তমান সরকারের উদ্যোগের কথা তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, দেশে আরও বেশি বিজ্ঞানী প্রয়োজন। নিজেদের সমস্যা নিয়ে গবেষণা, সেগুলোর সমাধান এবং রোগ প্রতিরোধের মাধ্যমে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে হবে। এর মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ গৌরবের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।
তিনি আরও বলেন, এ লক্ষ্য অর্জনে সরকার, গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের ধৈর্যশীল সহযোগিতা, আন্তরিক অংশীদারত্ব এবং নিষ্ঠার সঙ্গে কাজ করা জরুরি।
তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে তিনি বলেন, গবেষণার কাজে ধীরগতির কারণে অনেক সময় হতাশা আসতে পারে। তবে তাদের গর্বিত হওয়া উচিত যে, তাদের গবেষণা ও কাজ অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে।
বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি এবং প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আইডিইএসএইচআই আগামী দিনগুলোতে আরও সাফল্য অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং সম্মানিত অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বক্তব্য দেন।
ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে, যেখানে রোগ প্রতিরোধ, প্রাণঘাতী হয়ে ওঠার আগেই রোগ শনাক্তকরণ এবং প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, সরকার বিশেষভাবে কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে। এর মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যনিরাপত্তায় গবেষণা জোরদার, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করা, ওষুধশিল্পে উদ্ভাবন, জীবপ্রযুক্তি ও দেশীয় রোগ নির্ণয়ব্যবস্থার প্রসার, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং স্বাস্থ্যবিষয়ক গবেষণা ও উন্নয়নে টেকসই পরিবেশ গড়ে তোলা।
অনুষ্ঠানে আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী ‘বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও বাস্তবতা: আইডিইএসএইচআইয়ের প্রেক্ষাপট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আশফাক কাদরী স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ডা. মো. রফিকুর রহমান প্রতিষ্ঠানটির পথচলা নিয়ে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন।
অনুষ্ঠানে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। বিষয়গুলো ছিল—থ্যালাসেমিয়া স্ক্রিনিং, নারীর স্বাস্থ্য, বাংলাদেশে বায়োলজিক্যালসের ভবিষ্যৎ, সংক্রামক রোগ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে টিকার ব্যবহার। এসব আলোচনায় সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদরা অংশ নেন।





