স্টাফ রিপোর্টার | ২৬ নভেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান এবং উন্নত খাদ্য ও খামার ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাত দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।
তিনি বলেন, নিজস্ব উৎপাদনের মাধ্যমে দেশের পুষ্টির চাহিদা পূরণ এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা কঠিন হবে না। এ জন্য প্রয়োজন সদিচ্ছা, সুস্থ পরিকল্পনা এবং তার যথাযথ বাস্তবায়ন।
পুষ্টি নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি বেশি বিকশিত হয়। সরকার আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এ ক্ষেত্রে প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত। বর্তমানে দেশের জনগণের প্রাণিজ আমিষ গ্রহণের প্রায় ৬৫ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে।
প্রাণিসম্পদ খাতের অর্থনৈতিক অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।
তিনি জানান, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে ১০৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। প্রাণিসম্পদ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যাদের প্রায় ৪০ শতাংশ নারী। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। পাশাপাশি প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন।
তিনি আরও বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ প্রাণিসম্পদ খাতে স্বনির্ভর হওয়ার পাশাপাশি মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।
রপ্তানি সম্ভাবনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ ও বাচ্চা উৎপাদনে সক্ষম হয়েছে এবং উর্বর ডিম রপ্তানিও শুরু করেছে। ভবিষ্যতে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোল্ট্রি পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
প্রাণিসম্পদ খাতের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা রোগবালাই উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে এ সক্ষমতা পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে।
উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে মহিষ পালনের সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব এলাকায় জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি খামারিদের ব্যবহারের জন্য বন্দোবস্ত দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।
পোষা প্রাণীর অধিকার ও কল্যাণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাণীদের ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখা, অস্বস্তি, ব্যথা ও আঘাত থেকে সুরক্ষা দেওয়া এবং স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে তাদের ভয় ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত রাখতে হবে।
পশুপাখির ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবার থেকেই শিশু-কিশোরদের প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে হবে। প্রাণীদের যত্ন নিতে না পারলেও তাদের যেন কষ্ট দেওয়া না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উৎপাদিত প্রাণী ও প্রাণিজ পণ্য আন্তর্জাতিক বাজারে প্রবেশ করাতে খাদ্য নিরাপত্তা এবং আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে। সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তুলতে কাজ করছে।
খামারিদের অবদান প্রসঙ্গে তিনি বলেন, প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি হচ্ছেন খামারিরা। তাদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করছে।
অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের অর্জন দেশের প্রাণিসম্পদ খাতে অসামান্য অবদানের স্বীকৃতি। এ সম্মাননা লাখো উদ্যোক্তা, গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের প্রতিভাবান খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। স্বর্ণপদকপ্রাপ্তদের ৫০ হাজার টাকা এবং রৌপ্যপদকপ্রাপ্তদের ৩০ হাজার টাকা দেওয়া হয়।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এ সময় আরও বক্তব্য দেন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এবং বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে বাণী পাঠ করা হয়। পরে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
পরে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে। এ উপলক্ষে পুরোনো বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় রয়েছে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন। রাজধানীর কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি দেশের ৬৪টি জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হচ্ছে।





