বাংলাবান্ধা সীমান্তে বিএসএফের কাছে পাঁচ বাংলাদেশি নারী হস্তান্তর

ছবি: সংগ্রহীত

পঞ্চগড়, ২১ আগস্ট ২০২৫: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাঁচ বাংলাদেশি নারীকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার এক পতাকা বৈঠকের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়।

হস্তান্তর হওয়া নারীরা হলেন—

জেসমিন সুলতানা (৩৬)

পারভীন খাতুন (৩৮)

শিরিনা পারভীন (৩২)

আমিনা আক্তার (৪০)

মোছা. লাবনী আক্তার (৩০)

তারা প্রায় এক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বাসাবাড়ি ও পার্লারে কাজ করছিলেন। গত ১৬ মে ভারতের গুজরাট থেকে ভারতীয় সিআইডি পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে মহারাষ্ট্রের পালঘর মহিলা আশ্রয়কেন্দ্রে রাখা হয়। সেখান থেকে ১৭ আগস্ট তাদের শিলিগুড়ির ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পে স্থানান্তর করা হয়।

বিজিবি পাঁচ নারীকে গ্রহণের পর তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে। তাদের পরিবারের সদস্যরা আগে থেকেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন এবং উপস্থিত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারে হস্তান্তর করা হয়।