টঙ্গী থেকে ইতালি পাচারকালে ৬.৪৪ কেজি কিটামিন জব্দ, চাঁদপুর-ফরিদপুরে গ্রেফতার ২

ছবি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

Oplus_0

ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৫:
ঢাকার টঙ্গী এলাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইতালি পাচারের সময় বিশেষ কায়দায় টাওয়ালে লুকানো ৬.৪৪ কেজি ভয়ংকর মাদক কিটামিন (Ketamine) জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় চাঁদপুর ও ফরিদপুর জেলায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএনসি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর টঙ্গীর ফেডেক্স কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালানো হয়। সন্দেহজনক একটি পার্সেল পরীক্ষা করে সাতটি টাওয়াল থেকে রাসায়নিক প্রক্রিয়ায় মিশ্রিত অবস্থায় কিটামিন উদ্ধার করা হয়।

পরে চাঁদপুরের মতলব উত্তর থেকে প্রেরক মো. মাসুদুর রহমান জিলানী (২৮) এবং ফরিদপুরের সালথা থেকে আন্তর্জাতিক চক্রের অন্যতম হোতা মো. আরিফুর রহমান খোকা (৪৩) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা কুরিয়ারের মাধ্যমে মাদক পাচারের বিষয়টি স্বীকার করেছেন।

ডিএনসি বলেছে, আন্তর্জাতিক চক্র কেমিক্যাল ইমপ্রেগনেশন কৌশলে কাপড় বা তোয়ালে ব্যবহার করে মাদক পাচার করছে। এই কৌশলে টাওয়াল মাদকের দ্রবণে ভিজিয়ে শুকানো হয়, যা বাইরে থেকে সাধারণ কাপড়ের মতো দেখায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মামলা হয়েছে। ডিএনসি জানিয়েছে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পাচার ঠেকাতে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।