২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে খেলার সুযোগ পান পাকিস্তানের ক্রিকেটাররা। সেবার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকসহ মোট ১২ জন পাকিস্তানি ক্রিকেটার ছিলেন।
প্রায় দেড় যুগ ধরে আইপিএলে নিষিদ্ধ পাকিস্তানের ক্রিকেটাররা। তবুও ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার স্বপ্ন দেখছেন মোহাম্মদ আমির। নতুন পরিচয়ে পাকিস্তানের এই পেসার তো টুর্নামেন্টটির পরের আসরেই সুযোগ পাওয়ার আশায় আছেন।

ওই বছরের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা হওয়ার পর আইপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের নিষিদ্ধ করে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। তবে অন্য দেশের নাগরিক পরিচয়ে এই টুর্নামেন্টে খেলার সুযোগটি কাজে লাগাতে চান আমির।
পাকিস্তানের এই বাঁহাতি পেসারের স্ত্রী নারজিস যুক্তরাজ্যের নাগরিক। শিগগিরই সেখানকার পাসপোর্ট পাওয়ার আশায় আছেন আমির। আর সেটা পেয়ে গেলে, আইপিএলে খেলার দুয়ার খুলে যাবে তার।




