সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

ফাইল ছবি

কা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫: সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট অর্থসংক্রান্ত কয়েকটি আইন সংস্কারের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজঁগাও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, সংশোধিত আইনে নির্বাচন কমিশনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত হবে। বিশেষ করে নির্বাচনী দায়িত্বে অবহেলা করলে শাস্তির বিধান স্পষ্ট করা হয়েছে।

তিনি জানান, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১-এর ধারা ২, ৫ ও ৬-এ গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে নির্বাচন কর্মকর্তার সংজ্ঞা নতুনভাবে নির্ধারণ, শৃঙ্খলামূলক শাস্তি সংক্রান্ত ধারা হালনাগাদ এবং নতুন উপধারা সংযোজন।

অন্যদিকে, এনবিআরের উদ্যোগে প্রণীত ‘অর্থসংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর আওতায়—

  • ভ্যাট আইন ২০১২ সংশোধন করে নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষ আদেশে ভ্যাট অব্যাহতি,
  • আয়কর আইন ২০২৩ সংশোধন করে সরকারি বা অনুমোদিত সিকিউরিটিতে কোম্পানি করদাতার উৎসে কর ১০% থেকে বাড়িয়ে ১৫%,
  • পরিবহন খাতে কর সংগ্রহকে চূড়ান্ত করযোগ্য আয় হিসেবে গণনা করার বিধান করা হয়েছে।

প্রেস সচিব আরও জানান, বৈঠকে পূর্ববর্তী ব্যাচের ১২১টি সংস্কার প্রস্তাবের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে ২৪টি সংস্কার বাস্তবায়িত, ১৪টি আংশিক বাস্তবায়িত এবং বাকিগুলো দ্রুত বাস্তবায়নের পথে রয়েছে।

প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাব ছাড়াও নিজেদের উদ্যোগে সম্পন্ন সংস্কারগুলোর তালিকা তৈরি করে আগামী মাসের মধ্যে জমা দিতে। এগুলো একত্র করে একটি সংকলন প্রকাশ করা হবে।

আগামী মাসের শুরুতেই সব মন্ত্রণালয় ও বিভাগ অগ্রগতি রিপোর্ট জমা দেবে বলে আশা করা হচ্ছে। পরবর্তীতে ক্যাবিনেট বিভাগ রিপোর্টকে বুকলেট আকারে প্রকাশ করবে।