ঢাকা–কক্সবাজার রুটে ৩০ তারিখ পর্যন্ত টিকিট নেই, যাত্রীদের ক্ষোভ

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫ :বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিটিং সিস্টেম নিয়ে যাত্রীদের অভিযোগ নতুন কিছু নয়। এবার ঢাকা–কক্সবাজার রুটে ৩০ সেপ্টেম্বর…

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫ :
বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিটিং সিস্টেম নিয়ে যাত্রীদের অভিযোগ নতুন কিছু নয়। এবার ঢাকা–কক্সবাজার রুটে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে কোনো টিকিট নেই। অথচ কালোবাজারে দ্বিগুণ–তিনগুণ দামে টিকিট বিক্রি হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ।

যাত্রীরা বলছেন, অনলাইনে টিকিট খোলা মাত্রই কয়েক মিনিটের মধ্যে সব আসন “sold out” হয়ে যায়। কিন্তু এর পরপরই নির্দিষ্ট কিছু এজেন্ট ও দালালের কাছে বেশি দামে টিকিট পাওয়া যায়। ফলে সাধারণ মানুষ বঞ্চিত হলেও সিন্ডিকেট ব্যবসা করে যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে বট ব্যবহার ও এজেন্ট সিন্ডিকেট মূল কারণ। প্রযুক্তিগত সুবিধা কাজে লাগিয়ে একসঙ্গে প্রচুর টিকিট বুক করা হয়, পরে সেগুলো বাজারে বেশি দামে ছাড়া হয়। অভিযোগ রয়েছে, রেলওয়ের ভেতরের কিছু অসাধু কর্মকর্তা ও টিকিটিং কোম্পানির অংশও এই চক্রকে সহায়তা করছে।

যাত্রী সাধারণ বলছেন, রেল টিকিট বিতরণে স্বচ্ছতা না থাকায় তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।