খেলাধুলার মাধ্যমে গুণগত রাজনৈতিক পরিবর্তনের ঘোষণা আমিনুল হকের
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে খেলাধুলাকে জাতীয় কারিকুলামে বাধ্যতামূলক করা হবে। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন— দেশের প্রতিটি স্কুলে চতুর্থ শ্রেণি থেকে পাঁচটি খেলাধুলার ইভেন্ট বাধ্যতামূলক করা হবে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ভোলার গজনবী স্টেডিয়ামে ঢাকা মিরপুর সোনালী ক্লাব বনাম ভোলা সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ শেষে তিনি এ ঘোষণা দেন।
আমিনুল হক বলেন, নতুন কর্মসূচি ‘নতুন কুড়ি স্পোর্টস’-এর আওতায় সারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড়দের খুঁজে বের করা হবে। সরকারিভাবে তাদের পড়াশোনা ও খেলাধুলার সম্পূর্ণ দায়িত্ব বহন করা হবে। তিনি মনে করেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব এবং সামাজিক জাগরণ তৈরি হলে দেশে গুণগত রাজনৈতিক পরিবর্তন ঘটবে।
আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনকালকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের মতো ক্রীড়াঙ্গনও দলীয়করণ করা হয়েছে, ফলে দেশের খেলাধুলা ধ্বংসের পথে চলে গেছে। তিনি বলেন, আগামী দিনের ক্রীড়াঙ্গনকে দলীয়করণমুক্ত করে সত্যিকারের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে।
আমিনুল হক আরও স্মরণ করিয়ে দেন, এরই মধ্যে তারেক রহমানের নির্দেশনায় সারা দেশের বিভাগীয় পর্যায়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এবং ঢাকার ২৬ থানার মধ্যে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এছাড়া শেরেবাংলা নগরে জিয়া উদ্যান সংলগ্ন লেকে জাতীয় সাঁতার প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, “আমরা প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার জাগরণ সৃষ্টি করে একটি সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সামাজিক ও রাজনৈতিক গুণগত পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই।”
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহবায়ক আলহাজ গোলাম নবী আলমগীর, জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ হোসাইন, জেলা পুলিশ সুপার শরিফুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আক্তার হোসেন, হাজী মোঃ ইউসুফ প্রমুখ।





