বাংলাদেশ-তুরস্কের উদ্যোগে “Women in Islam” বৈশ্বিক সম্মেলন

আগামী বছর বাংলাদেশ-তুরস্কের যৌথ আয়োজনে “Women in Islam” সম্মেলন

ছবি প্রধান উপদেষ্টার ফেইসবুক থেকে নেওয়া

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর ২০২৫:
আগামী বছর শুরুর দিকে বাংলাদেশ ও তুরস্ক যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে “Women in Islam” বৈশ্বিক সম্মেলন। এতে অংশ নেবেন বিশ্ববরেণ্য মুসলিম গবেষক ও আলেমরা, যেখানে ইসলামে নারীর অধিকার ও তাদের উন্নয়নমূলক ভূমিকা তুলে ধরা হবে।

এই সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার নিউইয়র্কে বাংলাদেশের নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ এবং তুরস্কের সামাজিক সেবা বিষয়ক মন্ত্রী মাহিনুর ওজদেমির গকতা-এর বৈঠকে।

দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি

দুই দেশ সাংস্কৃতিক ও প্রযুক্তিগত বিনিময় জোরদার এবং কেয়ার ইকোনমি ও সামাজিক সেবার ক্ষেত্রে উচ্চমানের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে।

নারী কর্মীদের প্রশিক্ষণ

তুরস্ক বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়েছে নারী কেয়ারগিভারদের জন্য প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন কর্মসূচি চালু করবে। এর ফলে স্থানীয়, তুর্কি এবং আন্তর্জাতিক বাজারে দক্ষ নারী কর্মীদের সুযোগ তৈরি হবে বলে জানান শারমিন মুর্শিদ। তিনি সামাজিক কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন।

অভিজ্ঞতা ও সাফল্য বিনিময়

বাংলাদেশ ও তুরস্ক, যারা ইতিমধ্যে নারী বৈষম্য নিরসন বিষয়ক আন্তর্জাতিক সনদ (CEDAW) অনুসমর্থন করেছে, তারা মুসলিম সমাজে নারীর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও অর্জন একে অপরের সঙ্গে ভাগাভাগি করবে বলে সম্মেলনে জানানো হয়।