ইসরায়েলি নৌবাহিনীর বাধা সত্ত্বেও গাজার পথে অগ্রসর ২৬টি ত্রাণবাহী নৌযান

গ্রেপ্তার প্রায় ২০০ কর্মী, তাঁদের মধ্যে আছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গও

ছবি সংগৃহীত

Posted by:

on

ঢাকা, ২ অক্টোবর ২০২৫ :
দুর্ভিক্ষ কবলিত ফিলিস্তিনের গাজায় মানবিক ত্রাণ পৌঁছানোর অভিযানে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ)-এর অন্তত ১৩টি নৌযানের গতিরোধ করেছে ইসরায়েলি নৌবাহিনী। এ সময় প্রায় ২০০ মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে প্রখ্যাত সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

তবে ইসরায়েলি বাহিনীর বাধা সত্ত্বেও ফ্লোটিলার ৪০টি নৌযানের মধ্যে অন্তত ২৬টি এখনও গাজার দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা। লাইভ ট্র্যাকার অনুযায়ী, কয়েকটি নৌযান ইতিমধ্যেই গাজার উপকূলরেখা থেকে ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে পৌঁছে গেছে।

জিএসএফের একটি নৌযান ‘মাইকেনো’ গাজার জলসীমায় প্রবেশ করেছে বলে জানা গেছে। তবে ইসরায়েলি বাহিনী সেটির নিয়ন্ত্রণ নিয়েছে কি না, তা স্পষ্ট নয়।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার হওয়া কর্মীদের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বাহিনী আরও বেশ কয়েকটি নৌযানের নিয়ন্ত্রণ নেয়।

স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা করা এই ত্রাণবাহী নৌবহরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যোগ দেওয়া প্রায় ৫০০ মানবাধিকার কর্মী ছিলেন। এটি দুর্ভিক্ষ কবলিত গাজায় পৌঁছানোর চেষ্টারত অন্যতম বৃহত্তম মানবিক ত্রাণ মিশন হিসেবে বিবেচিত হচ্ছে।