ঢাকা, ৫ অক্টোবর ২০২৫ – প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের প্রতিনিধিদল আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় করেছেন।
বৌদ্ধ নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টাকে প্রবারণা পূর্ণিমার মাহাত্ম্য তুলে ধরে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তাঁরা প্রধান উপদেষ্টাকে বিহার পরিদর্শনের আমন্ত্রণ জানান।
এ সময় রাজধানীর উত্তরায় বৌদ্ধদের শেষকৃত্যের জন্য জায়গা বরাদ্দ করার বিষয়েও নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানান। তারা বলেন,
“অন্তর্বর্তীকালীন সরকারকে বিষয়টি অবহিত করার পর মাত্র ১০ দিনের মধ্যে শ্মশানের জন্য স্থান বরাদ্দ করা হয়েছে। এটি ইতিহাসে অনন্য। ঢাকায় বৌদ্ধধর্মের কেউ মারা গেলে আগে চট্টগ্রামে গিয়ে শেষকৃত্য করতে হতো। এখন মৃত্যুর পর রাজধানীতেই এটি সম্ভব।”
বৈঠকে এ বছর কঠিন চীবর দান উদযাপনের প্রস্তুতি সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। এছাড়া ধর্ম মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সার্বক্ষণিক সহযোগিতার জন্য বৌদ্ধ নেতৃবৃন্দ বিশেষ ধন্যবাদ জানান।
তাদের আরও দাবি ছিল, তীর্থযাত্রার সরকারি ব্যবস্থাপনা, বৌদ্ধ পন্ডিত ও ধর্মগুরুদের সহযোগিতা, এবং অতীশ দীপঙ্করের নামে জ্ঞানচর্চা কেন্দ্র গড়ে তোলা।
উপস্থিত বৌদ্ধ নেতৃবৃন্দ
ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথের
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়
পার্বত্য ভিক্ষু সংঘের ভিক্ষু কল্যাণ জ্যোতি
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা
বাংলাদেশ বৌদ্ধ সমিতির ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া চৌধুরী
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয় দত্ত বড়ুয়া
ট্রাস্টি: প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, মং হলা চিং, সুশীল চন্দ্র বড়ুয়া, অধ্যাপক ববি বড়ুয়া, রুবেল বড়ুয়া, রাজীব কান্তি বড়ুয়া
সঙ্গে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।





