শুরু হলো দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস ২০২৫’

“খাদ্যাভ্যাস আর জীবনযাপন পদ্ধতি পরিবর্তন না আনলে ক্যান্সার ঠেকানো কঠিন”

Posted by:

on

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫:
রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আজ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস ২০২৫’। অনকোলজি ক্লাব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক কনফারেন্সে বিশ্বের ১৬টি দেশের ৩১ জন খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞসহ মোট ১২০০ জন ক্যান্সার বিশেষজ্ঞ, চিকিৎসক, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবী অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “খাদ্যাভ্যাস ও জীবনযাপনের পদ্ধতি পরিবর্তন না আনলে ক্যান্সার ঠেকানো কঠিন।” তাঁদের মতে, অনিয়মিত জীবনযাপন, ভেজাল খাদ্য ও বায়ু দূষণের কারণে দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। বাংলাদেশে প্রতিবছর প্রায় আড়াই লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন।

অনকোলজি ক্লাব বাংলাদেশ ও ক্যান্সার কংগ্রেসের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম. এ. হাই বলেন, “বাংলাদেশসহ উন্নয়নশীল বিশ্বে ক্যান্সার রোগীর সংখ্যা ক্রমবর্ধমান, যা অত্যন্ত আশঙ্কাজনক। বিপুলসংখ্যক রোগী এখনও চিকিৎসার আওতার বাইরে রয়েছেন।”
তিনি আরও বলেন, “দেশে ক্যান্সার চিকিৎসার আধুনিকায়নে মানসম্পন্ন ও দক্ষ জনবল তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। ক্যান্সার জয় করতে এবং রোগী ও তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

ডা. হাই সরকারের প্রতি জেলায় ক্যান্সার ইউনিট স্থাপনের উদ্যোগের প্রশংসা করেন এবং তরুণ চিকিৎসকদের ক্যান্সার চিকিৎসা ও গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানান।

এবারের কনফারেন্সে একাডেমিক পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ইতালির বলোনিয়া ইউনিভার্সিটি, সিংহেলথ সিঙ্গাপুর এবং গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট। এছাড়া যুক্তরাজ্যের রয়েল মডার্ন হাসপাতাল, সেন্ট বার্থোলোমিউ’স হাসপাতাল, কেএইচসিসি এডুকেশন অ্যান্ড ট্রেনিং একাডেমি, হুইপস ক্রস ইউনিভার্সিটি, এবং যুক্তরাষ্ট্রের ইউপিএমসি হিলম্যান ক্যান্সার সেন্টার, ইউনিভার্সিটি অব পিটসবার্গ স্কুল অব মেডিসিন ও পেনসিলভানিয়া ইউনিভার্সিটির বিশেষজ্ঞ ও গবেষকরা অংশ নিচ্ছেন।

কংগ্রেসে অনকোলজি ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম. এ. হাই এবং জেনারেল সেক্রেটারি ডা. এ. এম. এম. শরীফুল আলম-এর নেতৃত্বে দেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ, বিজ্ঞানী ও গবেষকরা বিভিন্ন একাডেমিক সেশনে প্রবন্ধ উপস্থাপন করবেন।