সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, টাঙ্গাইলে সর্বাধিক ১৬৪ মিমি বৃষ্টি

ছবি:মিজানুর রহমান

Posted by:

on

স্টাফ রিপোর্টার | ২ নভেম্বর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা, ২ নভেম্বর: খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা মিয়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে।

গতকাল (শনিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুর ও তেঁতুলিয়ায় ২১ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় (ভোর ৬টা পর্যন্ত) টাঙ্গাইলে ১৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। ঢাকায় বাতাস পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ০৬ মিনিটে।