স্টাফ রিপোর্টার, ২১ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন বলেছেন, হাশরের দিনে কে বেহেশতে বা দোজখে যাবে তা কোনো দলের মার্কায় ভোট দেওয়ার মাধ্যমে নির্ধারিত হবে না; নির্ধারণ হবে মানুষের নিজস্ব আমল অনুযায়ী। তিনি বলেন, কোনো দলের প্রতীক মানুষকে বেহেশতে নেওয়ার জন্য সুপারিশ করতে পারবে না, সুপারিশ করার ক্ষমতা রয়েছে কেবল শেষ নবী হযরত মোহাম্মদ (স.)–এর।
বুধবার দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়নের এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ভোট দিয়ে জান্নাতের টিকিট—‘এমন কিছু নেই’
প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ বলেন,
একজনের মন্তব্য—ভোট দিলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যায়—সম্পূর্ণ বিভ্রান্তিকর। তিনি বলেন,
“আপনি বেহেশতে যাবেন নাকি দোজখে যাবেন, তা নির্ধারণ করবে আপনার আমল। হাশরের দিন সবাই শুধু নিজের নিয়েই ব্যস্ত থাকবে—ইয়া নাফসি, ইয়া নাফসি। সেদিন কোনো মার্কা কারো সুপারিশ করবে না।”
তিনি আরও বলেন, ইসলামের পাঁচটি স্তম্ভ যাদের ঠিক থাকবে, তারাই আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবেন। মার্কা নয়, আমলই হবে পরকালের মূল পরিচয়।
ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান
ডা. জাহিদ বলেন,
“রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক, ধর্ম ধর্মের জায়গায়। কারো টিকেটের প্রলোভনে বিশ্বাস করবেন না।”
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ বহু ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষের দেশ—হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, সাওতাল, গারো, হাজং—এরা সবাই মিলেই বাংলাদেশ।
তিনি বলেন, “আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। যারা দেশের মানুষকে বিভাজিত করতে চায় তারা জাতির শত্রু।”
নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান
পথসভার শেষে তিনি স্থানীয় জনসাধারণকে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
তিনি প্রতিশ্রুতি দেন, অতীতের মতো ভবিষ্যতেও দেশের মানুষের পাশে থাকবে বিএনপি।





