শাহরিয়ার হত্যা: তদন্তে গাফিলতির প্রতিবাদে শাহবাগ অবরোধ ছাত্রদলের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও মূল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (১৮ মে) বিকেল পৌনে চারটার দিকে তারা শাহবাগে অবস্থান নেন, এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
অবরোধ চলাকালে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ‘বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মেট্রোরেল স্টেশনের কাছে অবস্থান নেন এবং নেতাকর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। মোড়ের সড়কে বসে পড়ে তারা প্রতিবাদ চালিয়ে যান।
এর আগে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করেন। তারা দাবি জানান, শাহরিয়ার হত্যার প্রকৃত আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তদন্তে যেন কোনো গাফিলতি না থাকে।
গত শনিবার কেন্দ্রীয় ছাত্রদল এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাহবাগে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়। তাতে জানানো হয়, জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ হবে, যেখানে শুধু শাহরিয়ারের হত্যার সুষ্ঠু বিচারই নয়, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবিও জানানো হবে। পাশাপাশি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি পালন করার কথা জানায় সংগঠনটি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঘটনার পরদিন, বুধবার সকালে নিহতের ভাই শরীফুল আলম শাহবাগ থানায় মামলা করেন। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে এবং তাদের ছয় দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।





