স্টাফ রিপোর্টার, ৩০ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, দেশের বর্তমান সংকটময় সময়ে জাতির জন্য একজন অভিভাবকসুলভ, দূরদর্শী ও ঐক্যবদ্ধ নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।
রবিবার গোপীবাগ জামে মসজিদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকিতুল আহসান রঞ্জুর আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিলে ইশরাক হোসেন এসব কথা বলেন। অনুষ্ঠানটি ছিল বেগম জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষভাবে আয়োজিত।
ইশরাক হোসেন বলেন,
“আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। ওনার জন্য আমরা মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি—তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। অতীতেও মহান আল্লাহ তায়ালা তাঁকে কঠিন পরিস্থিতি থেকে ফিরিয়ে এনেছেন। আশা করি এবারও সুস্থতা দান করবেন।”
তিনি আরও বলেন,
“এই মুহূর্তে বাংলাদেশে একজন অভিভাবক প্রয়োজন, যিনি সবাইকে ঐক্যবদ্ধ করে একটি নতুন, সুখী, সমৃদ্ধ, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। তাই আমরা মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করছি, আপনারাও দোয়া করবেন যেন দেশনেত্রী, গণতন্ত্রের মাতা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।”
অনুষ্ঠানে ওয়ারী থানার সভাপতি হাজি লিয়াকত আলী, ওয়ারী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ আরিফ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক মুকিতুল আহসান রঞ্জুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





