বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার গণমাধ্যমকে তিনি বলেন,
“ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।”
তিনি আরও জানান, বিভিন্ন গণমাধ্যমে খালেদা জিয়াকে নিয়ে প্রচারিত কিছু খবর সঠিক নয়। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দলের চেয়ারপারসনের আশু সুস্থতা কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করার জন্য নেতা–কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,
“এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। দয়া করে এ নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না।”
তিনি আরও জানান, বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিকভাবে চিকিৎসাসেবায় নিয়োজিত আছেন। চিকিৎসকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসা চলছে—এটাই আপডেট।
“আপনারা সবাই দোয়া করুন, আল্লাহ যেন তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন,” বলেন রিজভী।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সর্বশেষ অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে যথাসময়ে অবহিত করা হবে।





