কোইকা প্রধানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক

উন্নয়ন সহযোগিতা, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার স্টেট গেস্ট হাউস যমুনাতে কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কোইকা)-এর প্রেসিডেন্ট চ্যাং ওন-স্যামকে স্বাগত জানান।

বৈঠকে দুই পক্ষ উন্নয়ন সহযোগিতা, বিনিয়োগ, দক্ষতা প্রশিক্ষণ এবং বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (LDC) তালিকা থেকে মসৃণ উত্তরণে সহায়তাসহ বিস্তৃত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

কোইকা প্রেসিডেন্ট চ্যাং ওন-স্যাম বলেন, “এই দেশটি আবার পরিদর্শন করতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। আমি প্রেসিডেন্টের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি।” তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও এর চলমান সংস্কার উদ্যোগের প্রতি কোইকার রাজনৈতিক ও উন্নয়ন সহযোগিতার সমর্থন পুনর্ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা তার সফরের জন্য চ্যাং ওন-স্যামকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ও কোরিয়া দ্রুতগতিতে একসঙ্গে এগিয়ে যাবে। সরকারের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি কোরিয়ান বিনিয়োগকারী ও সংস্থাগুলোকে উৎপাদন এবং বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশকে একটি দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করার আহ্বান জানান।

তিনি বলেন, “আমরা একটি উৎপাদন কেন্দ্রে পরিণত হতে চাই। আমরা আপনাদের পণ্য এখানে উৎপাদন করে সর্বত্র বিক্রি করতে পারি। আমাদের জনশক্তি ও সক্ষমতা রয়েছে, এবং আমাদের তরুণ জনগোষ্ঠী কঠোর পরিশ্রম করতে আগ্রহী।”

প্রধান উপদেষ্টা বিশেষভাবে ভাষা প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা এবং দক্ষতা উন্নয়নে জন-কেন্দ্রিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কোরিয়াতে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বাংলাদেশে কোরিয়ান ভাষা কর্মসূচির বিস্তারের অনুরোধ জানান। পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রশিক্ষণে আরও গভীর সহযোগিতার আহ্বান জানান।

তিনি বলেন, “এটি আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং বৈশ্বিক স্বাস্থ্যসেবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নার্স প্রশিক্ষণের ওপর আরও বেশি মনোযোগ দেওয়া দরকার,”—এ কথা উল্লেখ করে তিনি দক্ষ নার্স ও স্বাস্থ্যকর্মীদের বৈশ্বিক চাহিদা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন।

জবাবে, কোইকা প্রেসিডেন্ট চ্যাং ওন-স্যাম দক্ষতা উন্নয়ন ও শিক্ষায় সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।