স্টাফ রিপোর্টার, ৩ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে বুধবার (৩ ডিসেম্বর) বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক এবং ঢাকা–১৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আমিনুল হক।

আমিনুল হক বলেন, “আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সেই গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া কখনোই স্বৈরাচারের সঙ্গে আপস করেননি। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি জীবনভর সংগ্রাম করে গেছেন। আজ আমরা তাঁর দ্রুত আরোগ্যের জন্য আল্লাহর দরবারে দোয়া করি।”
তিনি জানান, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি নেত্রীর সুস্থতা কামনায় দেশে নানা স্থানে দোয়া মাহফিল আয়োজন করছে। তিনি আরও বলেন, “মসজিদ–মাদ্রাসা, এতিমখানা, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করছেন।”
দোয়া মাহফিলে বক্তব্যে আমিনুল হক অভিযোগ করেন, খালেদা জিয়া রাজনৈতিক জীবনে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কারা নির্যাতনসহ নানা অবিচারের শিকার হয়েছেন, কিন্তু কখনো আপস করেননি।
মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মিরপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা বাতেন। সুরা পাঠ, দুরুদ শরিফ ও বিশেষ দোয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় আলেম–ওলামা, হাফেজ, সাধারণ জনগণসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।





