তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য: রিজভী

জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের প্রশংসা করলেন বিএনপি নেতা

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৬ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
টঙ্গীর কিশোর তাসফিন ফেরদৌসের বিচ্ছিন্ন হাত পুনঃসংযোজনকে “এক বিরল চিকিৎসা সাফল্য” উল্লেখ করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের প্রশংসা করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (৬ ডিসেম্বর) ইনস্টিটিউট পরিদর্শন শেষে রিজভী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা, মেধা ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত হলো ২১ ঘণ্টার জটিল অপারেশনে তাসফিনের হাত সফলভাবে পুনঃসংযোগ।
রিজভী বলেন, “টঙ্গীর তাসফিন ফেরদৌস নামে এক কিশোর সন্ত্রাসীদের হামলায় হাত হারায়। আমাদের চিকিৎসকদের দক্ষতায় তার সেই সম্পূর্ণ বিচ্ছিন্ন হাতটি ২১ ঘণ্টার জটিল অপারেশনে পুনরায় সংযুক্ত করা হয়েছে। এখন সে হাত নাড়াতে পারছে—এটি সত্যিই বিস্ময়কর।”
তিনি আরও বলেন, “যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে দেশের চিকিৎসকরাই প্রতি বছর হাজার হাজার রোগীকে বিদেশমুখী হওয়া থেকে রক্ষা করতে পারবেন। আজকের এই অর্জনই প্রমাণ করে আমাদের চিকিৎসকরা বিশ্বমানের।”
অপারেশনের নেতৃত্বদানকারী ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম শরীফসহ সংশ্লিষ্ট পুরো চিকিৎসক দলকে বিশেষ অভিনন্দন জানান রিজভী। তিনি বলেন, “তাদের সম্মিলিত প্রচেষ্টা জাতির জন্য এক গর্বের অর্জন।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর ডা. ফোয়ারা তাসমিম, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম শরীফ, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যরা।
উল্লেখ্য, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম শরীফের তত্ত্বাবধানে ২১ ঘণ্টার জটিল মাইক্রোসার্জারির মাধ্যমে তাসফিনের বিচ্ছিন্ন হাত সফলভাবে জোড়া লাগানো হয়।