শরিফ ওসমান হাদীকে গুলি: গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানালো বিএনপি

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীকে গুলিবিদ্ধ করার ঘটনায় অশুভ পরিকল্পনার আশঙ্কা; হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি দলটির।

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১২ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (৩৩) আজ দুপুরে বিপথগামী দুস্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
আজ এক বিবৃতিতে বিএনপি জানায়, “এই আক্রমণ সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ। নিঃসন্দেহে এটি নির্বাচনী পরিবেশ বানচাল করার জন্য সন্ত্রাসী কার্যক্রম বিস্তার করার নীলনকশা। দেশের একটি চক্র এ ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “পরিকল্পিতভাবে সমাজে ভয় ও আতঙ্ক সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে গণতন্ত্রের বিজয়ের যাত্রাকে বাধাগ্রস্ত করতেই একটি কুচক্রী মহল দেশকে নৈরাজ্যের অন্ধকারে ঠেলে দিতে চাইছে। শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি সেই অপতৎপরতার নির্মম বহিঃপ্রকাশ।”
বিএনপি জনগণকে নাশকতাকারীদের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আরও বলে, “গণতন্ত্রের পথচলা রুদ্ধ ও আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতেই এ ধরনের হামলা করা হচ্ছে। তাই এসব সন্ত্রাসীকে কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প নেই। দেশের মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় দল–মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
দলটি হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে গুরুতর আহত শরিফ ওসমান হাদীর আশু সুস্থতা কামনা করেছে।
বিবৃতিদাতা:
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।