নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

হাদির ওপর হামলার ঘটনায় আরও কয়েকজন নজরদারিতে, সীমান্তে সতর্কতা জোরদার

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১৪ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সকল রাজনৈতিক দলের জন্য বিশেষ নিরাপত্তা প্রটোকল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এই প্রটোকলের মাধ্যমে রাজনৈতিক নেতৃবৃন্দ ও আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা এবং সাইবার স্পেসে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, গণঅভ্যুত্থানের সম্মুখসারীর নেতৃত্বে থাকা ব্যক্তি ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দকে বাড়তি নিরাপত্তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় হামলাকারী ও তাদের সহযোগীদের ইতোমধ্যে শনাক্ত করেছে পুলিশ। গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবিড় অভিযান অব্যাহত রয়েছে।
হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং সন্দেহভাজনদের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা হচ্ছে। প্রধান সন্দেহভাজন যেন কোনোভাবেই দেশত্যাগ করতে না পারে, সে জন্য শুক্রবার রাতেই দেশের সব ইমিগ্রেশন চেকপোস্টে সন্দেহভাজনদের ছবি ও অন্যান্য তথ্য সরবরাহ করা হয়েছে। সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের টহল জোরদার করা হয়েছে।
পুলিশ জানায়, দেশের অভ্যন্তরে একাধিকবার সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা হলেও বারবার স্থান পরিবর্তনের কারণে এখনো তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ইতোমধ্যে প্রধান সন্দেহভাজনের ট্রাভেল হিস্ট্রি সংগ্রহ করা হয়েছে। এতে দেখা গেছে, আইটি ব্যবসায়ী পরিচয়ে তিনি গত কয়েক বছরে একাধিক দেশ ভ্রমণ করেছেন। সর্বশেষ গত ২১ জুলাই সিঙ্গাপুর সফরের তথ্য পাওয়া গেছে।
এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে—এমন আরও কয়েকজনকে নজরদারির আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ভারতীয় হাইকমিশনারকে তলব করে আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে।
হাইকমিশনারকে জানানো হয়েছে, ভারতে অবস্থানরত পলাতক অপরাধী শেখ হাসিনা বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত করা এবং আসন্ন নির্বাচন বানচালের অসাধু উদ্দেশ্যে ধারাবাহিকভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং তার দলের সমর্থকদের সন্ত্রাসী কার্যকলাপে নির্দেশনা দিচ্ছেন।
ভারত সরকারকে অনতিবিলম্বে এসব ফ্যাসিস্ট ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে শরিফ ওসমান হাদীর হত্যাচেষ্টা মামলার অভিযুক্তরা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তা প্রতিরোধে সহযোগিতা এবং তারা ভারতে প্রবেশ করলে দ্রুত গ্রেপ্তার করে বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বান জানানো হয়েছে।