শহীদ জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না: মির্জা আব্বাস

আওয়ামী লীগের শাসনামলে দমন-পীড়নের বিরুদ্ধে ১৭ বছরের আন্দোলন ও তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের প্রত্যাশার কথা তুলে ধরেন বিএনপির এই নেতা

স্টাফ রিপোর্টার, ১৫ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের ইতিহাস ও মানুষের মন থেকে কখনোই মুছে ফেলা যাবে না। তিনি বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে শহীদ জিয়ার নাম ও অবদান মুছে ফেলার চেষ্টা করলেও তা সফল হয়নি।
মির্জা আব্বাস তার বক্তব্যে বলেন, স্বাধীনতার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মাটিতেই থেকে যুদ্ধ করেছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি পালিয়ে যাননি বা বিদেশে অবস্থান করেননি। অথচ আওয়ামী লীগের নেতারা ভারতের মাটিতে বসে রাজনীতি ও নাটক করেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে বিএনপি ও দেশের মানুষ রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়েছে। এই সময়ে বহু নেতাকর্মী জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে এবং অনেকেই শাহাদাত বরণ করেছেন। তীব্র গণআন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটেছে বলে দাবি করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, সরকারের পতন নিয়ে যারা একক কৃতিত্ব দাবি করছে বা প্রশ্ন তুলছে—“১৭ বছর বিএনপি কোথায় ছিল”—দেশের মানুষই তার জবাব দেবে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই ঢাকার মাটিতে তারেক রহমান একটি নতুন বাংলাদেশ দেখবেন এবং নির্বাচনের আগে ও পরে মিলিয়ে দেশকে নতুন পথে এগিয়ে নেবেন।