স্টাফ রিপোর্টার, ১৬ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
একাত্তরে স্বাধীনতার বিরোধিতাকারী শক্তিরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান বিজয় দিবস উপলক্ষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “স্বাধীনতার শত্রুরা যারা একাত্তর সালে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা আজ আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তবে বাংলাদেশের মুক্তিকামী, স্বাধীনতাকামী ও গণতন্ত্রকামী মানুষ তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।”
তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এ কারণেই দিনটি বিএনপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিএনপি মহাসচিব জানান, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার শপথ নিয়েছে বিএনপি। তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে বলেন, “আমাদের নেতা তারেক রহমান বর্তমানে নির্বাসিত অবস্থায় বিদেশে আছেন। আমরা আশা করছি, আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। তার দেশে আসা গণতন্ত্রের আন্দোলনকে আরও বেগবান করবে।”
সকাল ৯টা ৫৫ মিনিটে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
এদিকে বিজয় দিবস উপলক্ষে সকাল থেকে শেরে বাংলা নগরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সমবেত হয়ে বিভিন্ন স্লোগান দেন। এর আগে সকাল সাড়ে ৮টায় মির্জা আব্বাসের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।





