ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সহিংসতা ও ভাঙচুর, দায়িত্বশীল আচরণের আহ্বান

আইনানুগ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে পরিস্থিতি মোকাবেলায় সকলকে ধৈর্য ধারণের অনুরোধ

স্টাফ রিপোর্টার, ১৯ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।

ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্সের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেছেন, গতকাল রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও উত্তেজিত জনতার সংখ্যা বেশি হওয়ায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।

তিনি বলেন, একজন মানুষের মৃত্যুর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রীয় সম্পদে ভাঙচুর কোনোভাবেই কাম্য নয় এবং এটি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

নজরুল ইসলাম আরও বলেন, বড় ধরনের মিছিল বা জমায়েতের মধ্যে অনেক সময় দুষ্কৃতকারী বা ভিন্ন উদ্দেশ্যসম্পন্ন ব্যক্তিরা সুযোগ নিতে পারে। সে কারণে সকলকে সতর্ক থাকতে এবং কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার অনুরোধ জানান তিনি।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনার, আইজিপি ও স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবাই সারারাত ধরে ফোর্স মোবিলাইজ করেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় কিছু দুষ্কৃতকারী সরকারি মালামাল লুটের চেষ্টা করলে পুলিশ তা উদ্ধার করে। তবে প্রথম পর্যায়ে জনতা অত্যন্ত ক্ষুব্ধ থাকায় পুলিশ বাধা দিতে গেলে তাদের ওপর হামলা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তেজগাঁও বিভাগের ডিসি নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

শেষে তিনি সকলকে শান্ত থাকার, আইন নিজের হাতে না নেওয়ার এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো অঘটন না ঘটে।