শরীফ ওসমান হাদী মৃত্যুকে ঘিরে রাজধানীসহ সারাদেশে সহিংসতা, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগ

গণমাধ্যমে হামলাকে বর্বরতা আখ্যা, নিন্দা ও ন্যায়বিচারের আশ্বাস অন্তর্বর্তী সরকারের

স্টাফ রিপোর্টার, ১৯ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।

খাদির মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ। এরই ধারাবাহিকতায় রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় বিক্ষুব্ধদের একাংশ। প্রথম আলোর কার্যালয়ে আগুন দেয়ার পর ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় দুটি গণমাধ্যম কার্যালয়ের বড় একটি অংশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী। রাতভর চেষ্টা চালিয়ে শেষ রাতের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রাত পেরিয়ে সকাল হলেও ভবন দুটিতে থেমে থেমে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ হলে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়কে ক্রাইম সিন ঘোষণা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এদিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে। সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটেও চালানো হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ। রাজধানীর বাইরে রাজশাহী ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরেও বিক্ষোভ ও ভাঙচুরের খবর পাওয়া গেছে। রাজশাহীতে বুলডোজার দিয়ে আওয়ামী লীগের মহানগর কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়।

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনে হামলার চেষ্টা হলে আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় পিছু হটে বিক্ষুব্ধ জনতা। তবে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সিলেট নগরীতে প্রথম আলোর পুরোনো অফিসে হামলা চালানো হয়। একই রাতে বান্দরবান জেলা শহরে সাবেক পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে গাড়িসহ ভবনের বড় একটি অংশ পুড়ে যায়।

প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়ে পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত।

এদিকে আজ দুপুরে এক ফেসবুক পোস্টে গণমাধ্যমের ওপর হামলা ও সারাদেশে সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পূর্ণ ন্যায়বিচারের আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার। গত রাতের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও।

গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সার্বিক অস্থিতিশীলতা ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।